আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে বিতর্কিত রেফারি ইসমাইল এলফাথ

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোয় জন্মগ্রহণকারী মার্কিন রেফারি ইসমাইল এলফাথ। ৪৪ বছর বয়সি এই রেফারি আন্তর্জাতিক ফুটবলে বেশ অভিজ্ঞ এবং চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। তবে অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের কারণেও তিনি বেশ আলোচনায় ছিলেন। আর্জেন্টিনার জন্য এলফাথ নতুন কেউ নন; ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চলতি বিশ্বকাপে এলফাথ নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং ব্রাজিল-নরওয়ের ম্যাচ পরিচালনা করেছেন। এই তিন ম্যাচে তিনি মোট আটটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। উরুগুয়ের বিদায়ে তার একটি সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছিল, যেখানে স্পেনের পাও কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকল করার কারণে তিনি আগুস্তিন কানোব্বিওকে লাল কার্ড দেখান। স্পেন-উরুগুয়ে ম্যাচের পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। স্প্যানিশ সংবাদমাধ্যমের অভিযোগ ছিল, তিনি ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন এবং অতিরিক্ত শারীরিক সংঘর্ষের সুযোগ দিয়েছেন। বিশেষ করে রদ্রিগো বেনতানকুরের কঠোর ট্যাকলে ইনাকি উইলিয়ামস আহত হয়ে বেশ কয়েক ম্যাচের জন্য ছিটকে গেলেও তাকে কেবল হলুদ কার্ড দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল।

ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। নরওয়ের ক্রিস্টোফার আজারের চ্যালেঞ্জে ম্যাথেউস কুনহা পড়ে গেলে প্রথমে পেনাল্টি না দিলেও পরে ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত বদলান তিনি। তবে সেই স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। ম্যাচ শেষে মাঠে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল।

মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাথ ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ২০০১ সালে নাগরিকত্ব লাভ করেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া এলফাথ ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে রেফারিং বেছে নেন। ২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক তালিকায় থাকা এই রেফারি মেজর লিগ সকারে নিয়মিত দায়িত্ব পালন করেন, যার ফলে লিওনেল মেসির সঙ্গে তার একাধিকবার পেশাগত কাজের সুযোগ হয়েছে। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মিয়ামি ও ন্যাশভিলের মধ্যকার ম্যাচেও তিনি প্রধান রেফারি ছিলেন।

বিশ্বকাপ ছাড়াও কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক গেমস এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। টোকিও ২০২০ অলিম্পিকে আর্জেন্টিনার একটি ম্যাচও তিনি পরিচালনা করেছিলেন, যা ১-১ ড্র হয়েছিল এবং সেই ম্যাচ জয়ের ব্যর্থতায় আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। কাতার ২০২২ বিশ্বকাপে তিনি পর্তুগাল-ঘানা, ক্যামেরুন-ব্রাজিল এবং জাপান-ক্রোয়েশিয়ার ম্যাচ পরিচালনা করেছিলেন। আসন্ন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস এবং চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor