গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশে চলমান গ্যাস সংকট পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। শুক্রবার বিকেলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি পর্যায়ে (জিটুজি) পদ্ধতিতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে।

উল্লেখ্য যে, এর মাত্র একদিন আগেই বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের চারটি আলাদা প্রস্তাবের ভিত্তিতে ওই বৈঠকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুটি করে মোট আট কার্গো এলএনজি আমদানির অনুমতি মিলেছিল। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুযায়ী, দরপত্র ছাড়াই সরাসরি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।

সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। গত ২১ জুলাই টার্মিনালে আগুন লাগার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এই ঘাটতি পূরণের লক্ষ্যেই সরকার জরুরি ভিত্তিতে এলএনজি আমদানির এই উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কন্টেন্ট: সংগৃহীত