হা-মীম গ্রুপের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা: একে আজাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা পণ্যের মূল্য বৃদ্ধিতে রাজি না হলেও দেশে উৎপাদন ও শ্রম খরচ ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে জনবল কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্পোদ্যোক্তা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, “আমিই তো ১০ হাজার কর্মী কমাব।”

একে আজাদ জানান, বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় ৭৫ হাজার কর্মী কর্মরত আছেন। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তার ভাষ্যমতে, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতি হচ্ছে। এর ফলস্বরূপ, শ্রমিকদের বেতন নিয়মিত বাড়াতে হচ্ছে এবং প্রতি বছর প্রায় ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট দিতে হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, উৎপাদন ব্যয় বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা পণ্যের দাম বাড়াতে বা অতিরিক্ত খরচ বহন করতে আগ্রহী নন। বরং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন, একই সাথে কম জনবল দিয়ে কাজ পরিচালনার পরামর্শ দিচ্ছেন। এই অবস্থায় ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে ৭৫ হাজার কর্মীর মধ্যে প্রায় ১০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করতে হচ্ছে বলে তিনি জানান।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে একে আজাদ বলেন, শিল্প ও রপ্তানি খাতের দীর্ঘমেয়াদি স্বার্থে আরও দূরদর্শী নীতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং কর্মসংস্থান ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন।

কন্টেন্ট: সংগৃহীত