চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে কোনো ফোনালাপ হয়েছে কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট খবরের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে আসেনি। তবে যদি এমন কোনো ঘটনা সত্যিই ঘটে থাকে, তাহলে সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখবে।
মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সফর দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতিকে আরও গতিশীল ও সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতে চলমান ছাত্র আন্দোলন ও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক—এটিই প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তাদের জনগণের অবস্থান বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসবে।
পাসপোর্টের মান নিয়ে ওঠা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেন, বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি। তিনি উল্লেখ করেন, ভিসা সংক্রান্ত জটিলতা মূলত অবৈধ পথে বিদেশ যাওয়ার সঙ্গে সম্পর্কিত। আরব আমিরাত ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে ভিসা বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, সরকার গঠনের পর গত সাড়ে চার মাসে এই সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সক্রিয়। গত দুই-তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক জরুরি বৈঠক করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।
সাংবাদিকদের শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি। আমরা সাড়ে ৪ মাস হয়েছে সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা যেসব যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন- আরব আমিরাত, মালয়েশিয়া; এসব দেশগুলোতে ভিসা বন্ধ আছে।’

