রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের সড়কের মন্দিরসংলগ্ন গলিতে এই নৃশংস হামলার ঘটনাটি ঘটে।
গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাগর হোসেন বুলেটের বাড়ি হাজারীবাগের ভাগলপুর লেন-১৫ এলাকায় এবং তিনি ওই এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে উদ্ধারকারী অটোরিকশাচালক ইব্রাহিম জানান, কাজ শেষে অটোরিকশা গ্যারেজে রাখার উদ্দেশ্যে যাওয়ার পথে মন্দিরের গলিতে তিনি সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সাগরের মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় আরেক ব্যক্তির সহায়তায় তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। রাত সাড়ে ২টার দিকে অটোরিকশায় করে সাগরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি।
নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে তারা ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন। কারা বা কী উদ্দেশ্যে তার ভাইকে হত্যা করেছে, সে বিষয়ে পরিবার কিছুই জানে না। নিহতের পরিবার থেকে জানানো হয়েছে, সাগর পেশায় কোনো নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত না থাকলেও সম্প্রতি একটি পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং জড়িতদের শনাক্তসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

