ভারি বৃষ্টির সতর্কতা ও ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত এবং ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০টি জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা ব্যক্ত করেছে। পূর্বাভাস অনুযায়ী, সুরমা-কুশিয়ারার অববাহিকায় সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আত্রাই নদীর অববাহিকায় নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকাও বন্যাকবলিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত