রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন নিয়ে ছড়িয়ে পড়া আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখবো।'
সাংবাদিকরা এ সময় পাল্টা প্রশ্ন করেন যে, বিষয়টি কেবল গুঞ্জন নয়, বরং গণমাধ্যমেও উঠে এসেছে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাহলে আপনারা সরাসরি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত কারণসহ যে কোনো কারণে তার পদত্যাগের অপশন রয়েছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সম্পর্কে সরকার অবগত নয় বলেও তিনি স্পষ্ট করেন।

