লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুথিদের

লোহিত সাগরে সৌদি মালিকানাধীন 'এনসেলিয়া' নামের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) সৌদি আরবের ইয়ানবু বন্দর ছাড়ার পর আল শোকাইয়ার প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জাহাজটি হামলার শিকার হয়। হামলার পরপরই জাহাজটির সামনের অংশে আগুন ধরে যায়, তবে নাবিকরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় কোনো প্রাণহানি বা পরিবেশগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সৌদি গণপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের সব নাবিক বর্তমানে নিরাপদ রয়েছেন এবং জাহাজ ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাহাজটির ডান পাশে আঘাত করেছিল।

ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, সৌদি আরবের বন্দর অবরোধ অমান্য করায় তারা এই হামলা চালিয়েছে। হুথিরা জানিয়েছে, এনসেলিয়া ছাড়াও 'লায়লা' নামের বাহরি মালিকানাধীন আরও একটি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজে তারা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। তবে দ্বিতীয় জাহাজটিতে হামলার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে সোমবার হুথিরা সৌদি আরবের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়। তারা বিভিন্ন জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ই-মেইল পাঠিয়ে সতর্ক করে জানায় যে, কোনো জাহাজ সৌদি বন্দরে পণ্য ওঠানো বা নামানো করলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার ফলে সৌদি আরব বর্তমানে ইয়ানবু বন্দরের মাধ্যমে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছে, যা এই নৌপথের নিরাপত্তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বুধবার (২২ জুলাই) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত