টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও কেন চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে নেওয়া হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডের কেন্দ্রগুলো পরীক্ষা নেওয়ার মতো উপযোগী অবস্থায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু কেন্দ্রে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে কিছু অপ্রত্যাশিত ভোগান্তি তৈরি হয়েছিল। তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন।
পরীক্ষা বারবার স্থগিত না করার কারণ হিসেবে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১২ লাখের বেশি পরীক্ষার্থীর শিক্ষা কার্যক্রম, ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়। তবে কোনো নির্দিষ্ট এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

