ভারতে স্ত্রীকে আনতে গিয়ে শ্যালকের হামলায় আগুনে পুড়ে মৃত স্বামী

ভারতের পাঞ্জাবের তারনতারন জেলায় স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের হামলায় লাভপ্রীত সিং নামের এক ব্যক্তি আগুনে পুড়ে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর দগ্ধ হন গুরজিত কৌর নামে আরেক নারী। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভপ্রীত ও গুরজিত—দুজনই মারা যান। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৩ জুন পারিবারিক বিরোধের জেরে বাবার বাড়িতে অবস্থানরত স্ত্রী সন্দীপ কৌরকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান লাভপ্রীত সিং। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর তার শ্যালক সাজন সিং তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় সাজন সিংয়ের ভাবি গুরজিত কৌর তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও আগুনে গুরুতর দগ্ধ হন।

এদিকে, এই ভয়াবহ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হঠাৎ অন্য একজনের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছেন। ভুক্তভোগী প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন এবং তাকে বাঁচাতে এগিয়ে আসা নারীও আগুনের কবলে পড়ছেন। পরে আরেক ব্যক্তি তাদের সহায়তার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের আতঙ্কিত অবস্থায় দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়।

ঘটনায় অভিযুক্ত সাজন সিং নিজেও দগ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সাজন সিংয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।