জীবননগরে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি জমিতে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। এই অভিযানে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার, একটি পিকআপ ভ্যান এবং খোয়া যাওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জের চাষিরি থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গার ফার্ম পাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়ার কাহালু থানার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), এবং চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়ার মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ সেখ (৩৭) ও আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ পাম্প থেকে ট্রান্সফরমার চুরি করে আসছিল এবং পরবর্তীতে সেগুলো ভেঙে মূল্যবান তামা ও যন্ত্রাংশ বিক্রি করত।

চুরির এই ধারাবাহিক ঘটনার সূত্রপাত হয় গত ৪ আগস্ট, যখন উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাসের (৪৮) কৃষি জমির সেচ পাম্পের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে অজ্ঞাতনামা চোরেরা তামার কয়েল ও তেল চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী আবু জাফর বিশ্বাস জানান, এতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একই দিনে ওই একই মাঠের আরেক সেচ ব্যবসায়ী আনারুল ইসলামও তার একটি ট্রান্সফরমারের তামা ও তেল একইভাবে চুরি হওয়ার কথা জানান। এই সিরিজ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তার করে। ঘটনার প্রেক্ষিতে আবু জাফর বিশ্বাস বাদী হয়ে গত ৪ আগস্ট জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত