কালীগঞ্জে ছিনতাই হওয়া মালামালসহ ২ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ছিনতাই হওয়া মালামালসহ ২ জন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রী সেজে ছিনতাইয়ের এক ঘটনায় থানা পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদীর পলাশ থানাধীন ব্রাক্ষণপাড়া এলাকার হারুন আহমেদ নাসিরের কন্যা ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি ভাড়া করে টঙ্গীর একটি কোম্পানিতে ৬ জুন সকালে চাকরির সাক্ষাৎকারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে সিএনজিটি কালীগঞ্জের বালীগাঁও বাইপাসে পৌঁছালে চালক একজন অপরিচিত ব্যক্তিকে সিএনজিতে তুলে নেয়। শোভা এর প্রতিবাদ জানালে অজ্ঞাতনামা ব্যক্তি তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তাকে নীরব করে দেয়। এরপর শোভার গায়ে থাকা প্রায় সোয়া দুই ভরি ওজনের স্বর্ণালংকার এবং একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নিয়ে তাকে বাইপাস মোড়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শোভাকে উদ্ধার করে।

শোভাকে উদ্ধারের পরদিন পুলিশ পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে অনুসন্ধান চালিয়ে পলাশ থানার ঘোড়াশাল আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সিএনজি চালক আরমান মিয়া (২৮)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করে নেয় এবং সে তার সঙ্গী, যাত্রীবেশে থাকা ছিনতাইকারী শায়ন ওরফে চয়ন (২৯)-এর নাম প্রকাশ করে। পরবর্তীতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিটি (রেজি নং-গাজীপুর-থ-১২-০৮১১) জব্দ করা হয়। এছাড়াও, শোভার ছিনতাই হওয়া স্বর্ণালংকারের মধ্যে একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ইসরাত আহমেদ শোভা গত ৬ জুন কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।