কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে, এমনকি মোবাইল নম্বর ক্লোন করে একটি অসাধু চক্র বিভিন্ন সরকারি সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। এই প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে উপজেলাবাসীকে সতর্ক করতে গত দুই দিন ধরে কেশবপুর উপজেলাজুড়ে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।
গত ১১ জুন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন স্বাক্ষরিত স্মারক নম্বর ২-০১-২৬/৭৮৫-এর মাধ্যমে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইউএনও কেশবপুরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। একই সাথে, সমগ্র উপজেলায় মাইকিং করে সবাইকে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কোনো প্রলোভনে পা না দিতে আহ্বান জানানো হয়েছে। এই পদক্ষেপগুলো ইতোমধ্যে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ইউএনও কেশবপুরের ফেসবুক পেজে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারের পরপরই বিষয়টি যশোর জেলা প্রশাসক এবং কেশবপুর থানাকে অবহিত করা হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছেন। একজন মন্তব্যকারী লিখেছেন, “অপরাধীদের আইনের আওতায় আনা হোক। অপরাধী শনাক্ত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের অপরাধ কমতে পারে।”
