কলাপাড়ায় নদীর চর থেকে জেলের লাশ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে ভদ্র শিকদার (৩৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া আমিনুলের ইটভাটা সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্র শিকদার ওই ইউপির লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভদ্র শিকদার পেশায় একজন জেলে ছিলেন এবং তিনি বেশিরভাগ সময় নদীর চরেই থাকতেন। দুদিন আগেও ঝড়ো বৃষ্টির মধ্যে তিনি মাছ শিকার করেছেন। স্থানীয়রা জানান, তিনি খুবই সাহসী স্বভাবের ছিলেন এবং বাড়িতে থাকতেন না।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, ভদ্র শিকদারের শরীরের কিছু জায়গায় ফোসকা দাগ দেখা গেছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
