বিশ্বকাপ ফাইনালের লড়াই শেষে মাঠের ঘাসে লিওনেল মেসিকে একা বসে থাকতে দেখা যায়। তার চেহারাজুড়ে ছিল পরাজয়ের বেদনা ও গভীর হতাশার ছাপ। এই দৃশ্যটি চোখ এড়ায়নি স্প্যানিশ তরুণ লামিন ইয়ামালের। সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের উৎসবে যোগ না দিয়ে তিনি সরাসরি আর্জেন্টাইন অধিনায়কের কাছে ছুটে যান। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে মেসি হাত বাড়িয়ে দেন এবং এই স্প্যানিশ তরুণ তাকে টেনে তুলে দাঁড় করান। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং ইয়ামাল স্নেহভরে মেসির পিঠে হাত বুলিয়ে দেন। সেই মুহূর্তে মেসি তাকে কিছু বলছিলেন, যা জনসমক্ষে শোনা যায়নি।
পরবর্তীতে লামিন ইয়ামাল সেই কথোপকথন প্রকাশ্যে এনেছেন। তিনি মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করে বলেন, 'এমন একজন আমি সবসময় যার প্রশংসা করি। ম্যাচ শেষে আমি তাকে আমার শ্রদ্ধা জানালাম।'
ইয়ামাল আরও জানান, সেই মুহূর্তে মেসি তাকে নিজের মতো করে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন। তিনি মেসিকে নিয়ে বলেন, 'তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে বললেন এবং বললেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতে। ওই কথাগুলো আমার কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতো মূল্যবান।'

