নতুন প্রেমে মজেছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল এখন ১৯ বছর বয়সে পা দিয়েছেন। বয়সে তরুণ হলেও ব্যক্তিগত জীবনের সম্পর্কের ক্ষেত্রে তিনি এরই মধ্যে বেশ আলোচনায় এসেছেন। সম্প্রতি ডালাস স্টেডিয়ামে স্পেন ও পর্তুগাল ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ২১ বছর বয়সি স্প্যানিশ মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়াকে। সেই ম্যাচে ইনেসকে ইয়ামালের ১৯ নম্বর জার্সি গায়ে এবং গলায় এল আর ওয়াই (লামিনে ইয়ামাল) লেখা লকেট পরা অবস্থায় দেখা যায়।

ইয়ামাল যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ইনেসকে নিয়ে সরাসরি কোনো পোস্ট করেননি, তবে ইনেস নিজেই গ্রিসে তাদের একসাথে ছুটি কাটানোর ছবি প্রকাশ করেছেন। ফ্যাশন সচেতন ইনেস টিকটক ও ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয়, যেখানে তার ফলোয়ারের সংখ্যা ছয় লাখেরও বেশি। ইনেস স্প্যানিশ মিডিয়াকে জানিয়েছেন, এয়ারপোর্টে ইয়ামালের সাথে তার প্রথম পরিচয় হয়। তখন তিনি ভুলবশত তার হাতের কিছু কাগজপত্র ফেলে দিয়েছিলেন, যা ইয়ামাল তুলে দিলে তাদের মধ্যে কথোপকথন ও পরবর্তীতে ঘনিষ্ঠতা তৈরি হয়।

এর আগে ইয়ামালের সম্পর্কের তালিকায় আরও নাম ছিল। গত বছর ২৫ বছর বয়সি আর্জেন্টাইন র‌্যাপার নিকি নিকোলার সাথে তাকে দেখা যেত, যার জন্মদিনে ইয়ামাল হার্ট শেপের ইমোজি পোস্ট করেছিলেন। এরও আগে ১৭ বছর বয়সে তিনি স্পেনের ২৯ বছর বয়সি ফাতি ভাসকুয়েজের সাথে ডেটিং করেছেন, যাদের ঘনিষ্ঠ ছবি ইতালির রিসোর্ট থেকে প্রকাশ্যে এসেছিল। এছাড়া মডেল ক্লদিয়া কালবোর সাথেও তার নাম জড়িয়েছিল, যিনি ইয়ামালের ১৮ বছরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন। তবে ১৯ বছরের জন্মদিনে এসে বার্সেলোনার এই সুপারস্টারের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।