সাবেক প্রধানমন্ত্রীর বর্ণবিদ্বেষী মন্তব্যের কড়া জবাব দিলেন লামিন ইয়ামাল

ইউরো চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচের আগে স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামাল দেশের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। গত সপ্তাহে মারিয়ানো রাজয় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেদের লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ফ্রান্স খুব ভালো খেলছে কিন্তু তাদের দলে কতজন ফরাসি ফুটবলার রয়েছে তা খেলোয়াড়দের গায়ের রং দেখলেই বোঝা যায়।

নিজের দেশের সাবেক প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইয়ামাল। তিনি বলেন, আগামীকাল একটি দারুণ ম্যাচ খেলতে নামব। ফুটবল সবাইকে এক জায়গায় নিয়ে আসে এবং সব সংস্কৃতিকে আপন করে নেয়। সেখানে ধর্ম, বর্ণ বা গায়ের রঙের কোনো গুরুত্ব নেই; ফুটবলে আসল হলো খেলাটাই। ইয়ামাল নিজেও ভিনদেশি বংশোদ্ভূত; তার বাবা মরক্কোর এবং মা গিনির নাগরিক। ফলে বর্ণবিদ্বেষের প্রভাব সম্পর্কে তিনি সচেতন।

তরুণ এই ফুটবল তারকা আরও বলেন, ফ্রান্স ও স্পেন উভয় দলই উদাহরণ যে ফুটবল কীভাবে সবাইকে কাছে টানে। ফুটবলে একতাই আসল, তাই কে কী বলল তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা একটি বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নামছি। ইয়ামালের মতে ফুটবলে বর্ণবিদ্বেষের কোনো জায়গা নেই এবং ফিফাও মাঠে এমন মন্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে থাকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor