বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মাঝে মাঠের লড়াইয়ের পাশাপাশি তারকা ফুটবলারদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। এই তালিকায় নতুন করে আলোচনায় এসেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। বেশ কিছুদিন ধরেই স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত এমবাপ্পে বা এস্টার কেউই তাদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবে বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়া এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে।
২০০০ সালের ২৬ জানুয়ারি মাদ্রিদে জন্মগ্রহণ করা এস্টার এক্সপোসিতো ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি দারুণ আগ্রহী ছিলেন। ২০১৮ সালে নেটফ্লিক্সের সাড়া জাগানো স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। এস্টার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সিরিজটি তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে এবং এর মাধ্যমেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে তারকাখ্যাতি পেয়েছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি হলেও, তিনি ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। তিনি জানিয়েছেন, সুযোগ পেলেই তিনি ফোন থেকে দূরে থাকার চেষ্টা করেন।
চলতি বছরের এপ্রিলে প্যারিসে কিলিয়ান এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতোকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ইবিজাতেও তাদের একসঙ্গে দেখা যায়। এই ঘটনাগুলোর পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা পায়। তবে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে এস্টার কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি কেবল বলেছেন, বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে চান না, তবে তিনি বর্তমানে ভালো আছেন।
