ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতে নিয়েছেন লিওনেল মেসি। ২০২২ সালে আরাধ্য বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ দুই কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন হয়েছে তার দল। এমন অর্জনের পর আরেকটি বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টাইন অধিনায়কের কণ্ঠে শোনা গেল তৃপ্তির সুর। তিনি মনে করেন, ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে।
ফাইনালের কয়েক ঘণ্টা আগে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি শেয়ার করেছেন মেসি। সেখানে তিনি সতীর্থ ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, এতগুলো বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি শুধু ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ। এই দলটার সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি আরও লিখেছেন, যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতোমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলব না এবং কেউ কোনো দিন মুছেও ফেলতে পারবে না। সবশেষে তিনি আর্জেন্টিনা দলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
চলতি বিশ্বকাপে মেসির পারফরম্যান্স যেন স্বপ্নের মতো। ৩৯ বছর বয়সি এই তারকা এবারের বিশ্বকাপে ৮টি গোল করেছেন এবং ৪টি গোল করিয়েছেন। তার নেতৃত্বেই আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

