অননুমোদিত হজ সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া আয়োজিত ১৪৪৭ হিজরি (২০২৭) হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের একটি সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের কড়া নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৯ আগস্ট (রোববার) সন্ধ্যা ৭টায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আয়োজক প্রতিষ্ঠান ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ এজেন্সি বা অংশীজন নয়। ফলে প্রতিষ্ঠানটির এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনো বৈধ এখতিয়ার নেই এবং মন্ত্রণালয় এ বিষয়ে আগে থেকে অবগত ছিল না।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে অনুষ্ঠানটি বন্ধ করা জরুরি বলে মনে করছে মন্ত্রণালয়। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে অনুষ্ঠানটি বন্ধের আবেদন জানিয়েছিল। হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ করা হয়, অনুমোদনহীন প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন এজেন্সি ও হজযাত্রীদের নিয়ে অনুষ্ঠান করা হলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা ও প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে।

অনুষ্ঠানটির আমন্ত্রণপত্রে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান হাফিজ জিয়াউর রহমানের উদ্যোগে হজ সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার কথা ছিল এবং অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে এই এজেন্সির বিরুদ্ধে অতীতেও নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকরা একাধিকবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত