বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন এক দায়িত্ব পেলেন এই গুণী শিল্পী। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬’-এর প্রধান বিচারক হিসেবে কাজ করবেন তিনি।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোশাররফ করিম বলেন, বিচারক শব্দটি শুনতে সহজ মনে হলেও এর কাজ মোটেও ততটা সহজ নয়। তবে তিনি সব সময় যেকোনো কাজে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। বাভাসি একটি অসাধারণ প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি আরও বলেন, এখানে নতুনদের মেধা বিকাশের দারুণ সুযোগ রয়েছে। ক্যারিয়ারে বিচারক হিসেবে এটিই তার প্রথম অভিজ্ঞতা এবং এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য আয়োজকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য হলো বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের নির্মাতা, শিল্পী ও সৃজনশীল কর্মীদের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করা। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন নির্মাতাদের কাজ তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এবারের উৎসবে বিভিন্ন দেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। প্রাথমিক বাছাই শেষে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয় এবং জুরি বোর্ডের মূল্যায়নের মাধ্যমে ১৬টি চলচ্চিত্র দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপের মূল্যায়ন শেষে চূড়ান্ত পর্বের জন্য সাতটি চলচ্চিত্র নির্বাচন করা হবে। উৎসবের সমাপনী আয়োজনে সেরা চিত্রনাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদক, গীতিকার, আবহসংগীত ও রূপসজ্জাসহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।