প্রেমের কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী নাজনীন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাঁর হবু স্বামীকে নিয়ে নানা জল্পনা শুরু হয়। বিশেষ করে তিনি পাকিস্তানের কোনো এক তরুণকে বিয়ে করতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
সোমবার রাতে দেওয়া বক্তব্যে নীহা বলেন, ‘আমি কাকে বিয়ে করছি, তা খুঁজে বের করতে কাউকে তো বলিনি। সময় হলে আমি নিজেই এনগেজমেন্টের মতো বিয়ের খবর জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও অ্যাপ্রিশিয়েট করা। আর আমি বুঝলাম না, এখানে কাকে বিয়ে করতে যাচ্ছি, তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল—এই দেশগুলোর নাম কোথা থেকে এল? আমি সময় হলে নিজেই সব জানাব। ধন্যবাদ।’
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নীহা একটি পোস্ট দিয়েছিলেন, যার পর থেকেই তাঁর বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সোমবার ফেসবুকে তিনি পুনরায় জানান যে তিনি ‘এনগেজড’। এরপরই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হতে থাকে যে তাঁর হবু স্বামী পাকিস্তানের নাগরিক। কিছু জায়গায় দাবি করা হয়, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাঁদের পরিচয় হয়েছিল এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে প্রথম আলোর সঙ্গে আলাপে নীহা এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি। তখন তিনি শুধু বলেছিলেন, ‘এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেজড।’ একই আলাপচারিতায় তিনি যোগ করেন, ‘দেখুন, এই এনগেজড হওয়ার বিষয়টি কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও সবাই পেয়ে যাবেন।’
অর্থাৎ এনগেজমেন্টের বিষয়টি নিশ্চিত করলেও হবু স্বামীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন নীহা। তাঁর ভাষ্য অনুযায়ী, সময় হলেই তিনি নিজেই সব জানাবেন। তত দিন পর্যন্ত ব্যক্তিগত বিষয় নিয়ে অহেতুক জল্পনা না ছড়ানোর আহ্বানই জানিয়েছেন এই অভিনেত্রী।
