বিএনপি ছাত্র-জনতার স্বপ্নের বাংলাদেশ ধ্বংস করছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে। রোববার ঝিনাইদহ জেলা এনসিপি আয়োজিত ‘জুলাই জাগরণ’ পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠন, কিন্তু বর্তমান সরকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে গুরুত্বপূর্ণ ১২টি প্রতিষ্ঠানে নিজেদের দলীয় পদধারী নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে।

আখতার হোসেন বিশেষভাবে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে একজন বিএনপির পদধারী নেতার নিয়োগের তীব্র নিন্দা জানান। তিনি একে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করার চক্রান্ত হিসেবে অভিহিত করে অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি তোলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে জনগণ যেভাবে বিতাড়িত করেছে, বিএনপিকেও মনে রাখতে হবে যে দেশের মানুষ বৈষম্য মেনে নেবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঝিনাইদহের জুলাই শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহিদ সাব্বির হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সরোয়ার তুষার শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘১৪শ’ নিরীহ মানুষকে হত্যার দায়ে, ২৪-এর জুলাই আগস্টে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে।’ তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল বিএনপি।’ আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তার চক্রান্তেই সরকার জুলাই সনদের পথ থেকে সরে এসেছে এবং ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে।

ডা. মাহমুদা মিতু তার বক্তব্যে দেশে খুন, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, বিএনপি সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দপ্তরে নির্লজ্জভাবে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে বিএনপির পরিণতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে এবং তাদের পালানোর পথ থাকবে না।’ এর আগে দুপুর ২টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহিদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সকালে শহিদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে মতবিনিময় করেন এনসিপির নেতারা।

কন্টেন্ট: সংগৃহীত