এনটিভির পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন রাকেশ বসু। প্রচারসূচি অনুযায়ী, প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে নাটকটি এনটিভিতে দেখা যাবে।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে হাসান আরিফ নামের এক তরুণ সাংবাদিক ও জনপ্রিয় কবিকে কেন্দ্র করে। মা-বাবার একমাত্র সন্তান হাসানকে তার বাবার মৃত্যুর পর মা বড় করেছেন। হাসানের জীবনে নতুন মোড় আসে যখন ইউনিভার্সিটিতে পড়ুয়া মেধার সঙ্গে তার পরিচয় ঘটে। হাসানের কবিতার প্রেমে পড়া মেধার সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ হয় হাসান। তবে এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় মেধার ক্লাসমেট রূপক, যে ক্ষমতার জোরে মেধার সঙ্গে হাসানের সম্পর্ক কেড়ে নেওয়ার চেষ্টা করে।
গল্পের অন্য একটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যায়, থিয়েটার সংগঠক জামিল হোসেন ও তার বাগ্দত্তা মমর সঙ্গে হাসানের পরিচয়। জামিলের থিয়েটারে অভিনয় করেন মম। একসময় হাসানের প্রতি মমর দুর্বলতা তৈরি হলে, বিষয়টি বুঝতে পেরে জামিল দ্রুত মমকে বিয়ে করে ফেলেন। নাটকের চরম নাটকীয়তা তৈরি হয় যখন হাসান একটি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে পত্রিকায় রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টের ফলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু সেই প্রতিষ্ঠানের সঙ্গে পত্রিকার মালিক ও জামিল জড়িত থাকায়, জামিল ও তার সহযোগীরা হাসানকে মারধর করে এবং তাকে মানসিকভাবে ভারসাম্যহীন করে ফেলে।
‘চাওয়া পাওয়া’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বী, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা, তুষার খানসহ আরও অনেকে।

