পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ৫

পাবনা সদর উপজেলার আতাইকুলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি নামক স্থানে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে পাবনা থেকে একজন রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পাবনা সদর উপজেলার সড়াডাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরীত দিক (ঢাকা) থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত চার-পাঁচজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত