জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) নামক এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত হামিম দরগাপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের একমাত্র ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে হামিমের বাবা শফিকুল ইসলাম ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক পার হয়ে পশ্চিম পাশের আঙিনার দিকে যাচ্ছিলেন। বাবার অলক্ষ্যে শিশু হামিমও তাঁর পিছু পিছু রাস্তা পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে পাঁচবিবির দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। তবে দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় স্থানীয় কেউ সেটিকে শনাক্ত করতে পারেননি। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে এখন গভীর শোকের মাতম চলছে।

পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক অজ্ঞাতনামা বাসটিকে শনাক্ত করতে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।