জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

জার্মানির বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে অনেকেই বড় আন্ডারডগ হিসেবে বিবেচনা করেছিলেন। অথচ সেই প্যারাগুয়ে কি না, পেনাল্টি শ্যুটআউটের কঠিন লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিল! এই অসাধ্য সাধন করেছে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো হিলের হাত ধরে। তার দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণেই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে এবারের বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় প্যারাগুয়ে। এই অভাবনীয় জয়ের পর মঙ্গলবার প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে চার গোল হজম করার পর প্যারাগুয়ের ফুটবলারদের বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। এরপর গ্রুপ পর্ব পেরিয়ে আসা এই দলটি নকআউট রাউন্ডে শক্তিশালী জার্মানির মুখোমুখি হয়। তাদের বিপক্ষে আজকের ম্যাচে প্যারাগুয়েকে অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে। জার্মানি বল দখলে রেখেছিল প্যারাগুয়ের দ্বিগুণেরও বেশি সময় এবং তারা গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছিল ২১টি, যার বিপরীতে প্যারাগুয়ে শট নিতে পেরেছিল মাত্র সাতটি।

নির্ধারিত সময়ে গোলরক্ষক হিল অবশ্য একটি ভুল করে ফেলেছিলেন। ৫৪ মিনিটে কাই হাভার্টজের সমতাসূচক গোলটি তিনি ঠেকাতে পারেননি। এরপর অতিরিক্ত সময়ের ১২ মিনিটে জার্মানির আরেকটি সম্ভাব্য জয়সূচক গোল ভিএআর রিভিউতে বাতিল হয়ে যায়। দেখা যায় যে, জোনাথান টাহর গোলের পথ তৈরি করতে গিয়ে ওয়ালডেমার আন্তন হিলকে বাধা দিয়েছিলেন। তবে ম্যাচ শেষে পেনাল্টি শ্যুটআউটে ম্যাচসেরার পুরস্কার নিশ্চিত করেন হিল। শুটআউটের প্রথম শটেই হাভার্টজের কিক ডান হাত দিয়ে রুখে দিয়ে তিনি দলকে দারুণভাবে এগিয়ে দেন। প্যারাগুয়ে তাদের প্রথম তিনটি কিকেই সফল হয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। এরপর নিক ভল্টেমাডের শটও অসাধারণ দক্ষতায় ঠেকান হিল।

এতে শেষ দুটি কিকের একটিতে সফল হলেই প্যারাগুয়ের জয় নিশ্চিত হয়ে যেত। তবে আন্তোনিনো সানাব্রিয়ার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ম্যানুয়েল নয়্যার রুখে দেন ফাবিয়ান বালবুয়েনার শট। এতে শুটআউট চলে যায় সাডেন ডেথে। পরবর্তীতে টাহর শট বারের অনেক উপর দিয়ে চলে যায়, আর শেষে হোসে কানালে নয়্যারকে হারিয়ে দলের জয় নিশ্চিত করেন। শনিবার ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে। সোমবার রাতেই প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া এই ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবারকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন। তার ডিক্রিতে লেখা হয়, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ের স্বীকৃতিতে ৩০ জুনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হলো।’