পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান তার পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন মন্ত্রী দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন যে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছিল। বর্তমান সরকারের উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানান।
৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তিনিই ছিলেন সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি মন্ত্রীর দায়িত্ব পান। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দীপেন দেওয়ানের রাজনৈতিক জীবন শুরু হয় ২০০৫ সালে, যখন তিনি যুগ্ম জেলা জজের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। এরপর ২০১০ সালে তিনি রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
