একদিনের সরকারি সফরে রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া নগরীতে অবস্থানকালে তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।
প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সফরের অংশ হিসেবে বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন। এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে।
মাদ্রাসা পরিদর্শনের ধারাবাহিকতায় তিনি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায়ও যাবেন। রোববার রাতে নগরীর পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আয়োজিত জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

