দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশ দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত মোট ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, এই সময়ের মধ্যে অন্যান্য নিয়মিত মামলা ও অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বিস্তারিত তালিকায় রয়েছে ৭৬টি পিস্তল, ৫০টি বন্দুক, ৩৩টি এলজি, ৩০টি শুটারগান, ১৮টি রিভলবার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি এবং ১টি পেনগান।

মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদক উদ্ধারের এসব ঘটনায় মোট ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।