সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’ একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য হলো গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করা।
এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ এখন থেকে তাদের নিজস্ব ব্যাংকিং অ্যাপ্লিকেশন ‘মাইপ্রাইম’ এবং ‘সমাধান’ অ্যাপ ব্যবহার করে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে সরাসরি সমাধান অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন। এই নতুন সুবিধা গ্রাহকদের ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে আরও সহজতর এবং এর পরিধিকে আরও বিস্তৃত করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি অ্যান্ড লায়াবিলিটি শায়লা আবেদিন এবং সমাধান সার্ভিসেস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড রিটেল অ্যাসেটস জোয়ার্দার তানভীর ফয়সাল এবং হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফয়েজ উল্লাহ চৌধুরী। অন্যদিকে, সমাধান সার্ভিসেস লিমিটেড-এর হেড অব প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং মো. সালাহ উদ্দিন তানভীর এবং হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এ.বি.এম সাইফুল বারীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
