উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি তরুণ এই উদ্ভাবকদের আশ্বস্ত করে বলেছেন, তাদের যেকোনো সৃজনশীল কাজে সরকার সবসময় পাশে থাকবে। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা-২০২৬ এর বিজয়ী বিশ্ব চ্যাম্পিয়ান দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

কানাডার নিউফাউন্ডল্যান্ডে অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৮টি দেশের ৮৮টি দল অংশ নিয়েছিল। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল ‘গওঝঞ গঅঠওজঙঠ’ পাইওনিয়ার ক্লাসে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পায়। এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার আপ এবং কানাডা তৃতীয় স্থান অর্জন করে।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও এর ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতেই অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তাদের এই উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে জানান, তাদের এই ধরনের কাজ দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তরুণ উদ্ভাবকদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমআইএসটি যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চায়, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়া রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের ক্ষেত্রেও সরকার পাশে থাকবে।

দেশের রপ্তানি খাতকে বহুমুখী করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলতে সরকার কাজ করছে। সেমিকন্ডাক্টর শিল্পকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিদেশে থাকা বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এসে এই খাতের বিকাশে অবদান রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রি. জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং উদ্ভাবনী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত