প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজার সফরে যাচ্ছেন

আজ শনিবার একদিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের কক্সবাজারে প্রথম সফর।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালীতে যাবেন। সেখানে তিনি পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন।

বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি সুধী সমাবেশে অংশ নেবেন।

কক্সবাজারবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী রাতের ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।