গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা ও ছেলে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা নাতি গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী নির্মল চন্দ্র রায় এবং তার ছেলে ৩৫ বছর বয়সী প্রশান্ত চন্দ্র রায়। পেশায় প্রশান্ত চন্দ্র রায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নির্মল চন্দ্র রায়, তার ছেলে প্রশান্ত এবং নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলে চড়ে তুলশীহাটে একটি দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন।

পথিমধ্যে মন্থনা বাজারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায় প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত নাতি বন্ধন চন্দ্র রায় বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।