রাঙ্গুনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রাসেল নিহত

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দশটার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় রাসেলের ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত রাসেল কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছের মেম্বারের একমাত্র ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সেলিম বাপ্পা ও আবুল কাসেম জানান, রাসেল মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি কাপ্তাইয়ের রাইখালীতে ফিরছিলেন। পথিমধ্যে কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী লাল-সবুজ পরিবহনের একটি বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। ঠিক তার পেছনেই থাকা রাসেলের মোটরসাইকেলটিকে বাসটি সজোরে পিষ্ট করে দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার ডান পা উরু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর যাত্রী নিয়ে রাঙ্গুনিয়া আসা হাটহাজারী এলাকার সিএনজি চালক বাদশা এবং চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আব্দুল বারেক ঘটনার বিবরণ দিয়ে জানান, শহর থেকে বাড়ি ফেরার পথেই রাসেল এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

কন্টেন্ট: সংগৃহীত