চীনের রাস্তায় রোবটের ভিক্ষাবৃত্তি
চীনের সিচুয়ান প্রদেশের একটি অদ্ভুত দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফুটপাতে হাঁটু গেড়ে বসে হাতজোড় করে ভিক্ষা চাইছে একটি মানবসদৃশ রোবট।
মূলত নিজেকে সচল রাখার জন্য রোবটটির বিদ্যুতের প্রয়োজন। আর সেই বিদ্যুতের বিল মেটানোর অর্থের যোগান দিতেই রোবটটিকে পথে নামানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মানবসদৃশ এই রোবটটি এক হাঁটু মুড়ে বসে পথচারীদের সামনে হাতজোড় করে বারবার মাথা নোয়াচ্ছে। তার সামনে রাখা একটি ছোট থালায় কিছু কয়েন এবং পাশে একটি কিউআর কোড রয়েছে, যার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ দানের ব্যবস্থাও রাখা হয়েছে।
রিচার্জের টাকার জন্য আকুতি
রোবটটির গায়ে থাকা এলইডি স্ক্রিন এবং লাউডস্পিকারে বারবার ঘোষণা করা হচ্ছে, ‘রিচার্জ করার অর্থ নেই, দয়া করে বিদ্যুতের বিল দিতে সাহায্য করুন।’ বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোবটটিকে চীনা রোবোটিকস প্রতিষ্ঠান ‘ইউনিট্রি’র তৈরি ‘ইউনিট্রি জি১’ মডেল হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ইউনিট্রি জি১ মডেলের রোবট এর আগে ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরিতে আরোহণ করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল।
নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
এই অদ্ভুত ঘটনা দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ রসিকতা করে বলছেন, মানুষের চাকরি কেড়ে নেওয়ার পর এখন রোবট ভিক্ষুকদের জায়গা দখল করছে। আবার কারো মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব জয়ের বদলে নিজেরাই রিচার্জের জন্য ভিক্ষা করছে।
তবে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এটি কোনো প্রতিষ্ঠানের অভিনব বিপণন কৌশল কিংবা কোনো শিল্পীর পারফরম্যান্স হতে পারে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এইচকে০১-এর তথ্য অনুযায়ী, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; সম্প্রতি বেইজিং, চেংদু এবং ফুঝৌ শহরের রাস্তায়ও এ ধরনের ‘রোবট ভিক্ষুক’ দেখা যাচ্ছে। প্রযুক্তির যুগে ডিজিটাল পেমেন্ট কোড নিয়ে রোবটের ভিক্ষা করার এই দৃশ্য যেমন বিনোদনের খোরাক জোগাচ্ছে, তেমনি ভবিষ্যতের এক ভিন্নধর্মী পৃথিবীর ইঙ্গিতও দিচ্ছে।
