ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন। হিউস্টনে মাঠে নামার ঠিক আগে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস এই কিংবদন্তি ফুটবলারকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ডটি এখনো ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলারের দখলেই রয়েছে।
আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডিআর কঙ্গোর মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। গত রাতে কোচ মার্তিনেস যখন সংবাদ সম্মেলনে আসেন, তখন তার কাছে আসা বেশিরভাগ প্রশ্নই ছিল রোনালদোকে ঘিরে। মার্তিনেস বলেন, “এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দলের মধ্যে তার মানসিকতা ও উদ্দীপনা এমন যে মনে হয় এটি তার প্রথম বিশ্বকাপ।”
আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করা রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। তবে একের পর এক রেকর্ড গড়া এই পর্তুগিজ ফরোয়ার্ডের বড় টুর্নামেন্টগুলোতে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। তিনি তার সবশেষ ৯ ম্যাচে কোনো গোল করতে পারেননি।
এরপরও কোচ মার্তিনেস আশাবাদী যে রোনালদোর বড় মঞ্চে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে। পর্তুগালের কোচ আরও বলেন, “ফুটবলের জন্য সে একটি আদর্শ উদাহরণ। রাস্তায় খেলাধুলার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করা সব শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুসরণ করা এক দারুণ অনুপ্রেরণা। সে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে।”
ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জেতার পাশাপাশি রোনালদো আন্তর্জাতিক ফুটবলে তিনটি শিরোপা অর্জন করেছেন। এর মধ্যে তিনি দুইবার নেশনস লিগ এবং একবার ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ হবে উজবেকিস্তান।
