বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী কী?

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও রোমাঞ্চকর আসর ফুটবল বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ১৬ বছর পর ফাইনালে ওঠা স্পেনের। এই শিরোপা নির্ধারণী লড়াই শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশে ফুটবলের কোটি কোটি ভক্তের পাশাপাশি দেশের ক্রিকেটাঙ্গনেও বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিসিবির পরিচালক থেকে শুরু করে ক্রিকেটাররা, সবাই নিজেদের পছন্দের দলকে সমর্থন জোগাচ্ছেন।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর্জেন্টিনার একজন বড় ভক্ত। টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিনি যেসব প্রেডিকশন করেছিলেন, তার প্রতিটিই সঠিক হওয়ায় তাকে নিয়ে ‘জ্যোতিষী’ তকমা জুড়েছে। তবে ফাইনাল ম্যাচটি নিয়ে তিনি সরাসরি কোনো ভবিষ্যদ্বাণী করতে রাজি নন। এ প্রসঙ্গে শান্ত বলেন, আমরা প্রায় প্রতি ম্যাচে খেলছি ৭০ মিনিটের পর গিয়ে! এ কারণে একটু ডিফেন্সিভ উত্তর দেওয়াই ভালো। আমি ফাইনালের প্রেডিকশন করব না, কারণ দুই দলই খুব ভালো। তবে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ব্যক্তিগতভাবে মনে করি আর্জেন্টিনা জিতবে।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচের প্রেডিকশন স্কোরসহ মিলে যাওয়ার বিষয়ে শান্ত জানান, বিষয়টি ছিল সম্পূর্ণ কাকতালীয়। তিনি বলেন, আমি ক্যাজুয়েলি বলে দিয়েছিলাম, সেভাবে চিন্তা করিনি। আর্জেন্টিনা যেমন দল ছিল এবং যাদের সঙ্গে খেলেছে, তাতে তাদের জেতাটাই স্বাভাবিক ছিল। এটি কোনো সিরিয়াস চিন্তাভাবনা ছিল না। এরপর অনেক ফোন ও ম্যাসেজ পেয়েছি, বিশেষ করে যারা ব্রাজিলের সমর্থক তারা বিষয়টি জানার জন্য অনেক আগ্রহী ছিল। এটি স্রেফ ফান ছিল, এর বেশি কিছু নয়।

কন্টেন্ট: সংগৃহীত