দীর্ঘ ২৩ বছরের বিরতি শেষে আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের অভিজ্ঞ ও প্রথম সারির তারকাদের নিয়ে একটি পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করেছে। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড ও মারনাস লাবুশেনের মতো তারকাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই দলে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে অস্ট্রেলিয়া দলের এমন শক্তিশালী স্কোয়াড ঘোষণা নিয়ে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, স্বাভাবিকভাবে তো এ রকম এর আগে আমি কখনো দেখিনি। আমাদের দলের সঙ্গে খেলার সময় হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। আমি বলব, দল হিসেবে এটা একটা অর্জন আমাদের। যে দল দিয়েছে, এটি আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ ওদের বিপক্ষে কত ভালো খেলতে পারি। শান্তর মতে, বাংলাদেশ টেস্ট দল হিসেবে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে বলেই ক্রিকেট অস্ট্রেলিয়া এই সিরিজটিকে মোটেও হালকাভাবে নেয়নি।
তবে এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ শিবিরে চোটের দুশ্চিন্তা দেখা দিয়েছে। জিম্বাবুয়ে সিরিজের সময় ইনজুরিতে পড়েছেন ছন্দে থাকা তরুণ পেসার নাহিদ রানা। এছাড়া দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসও ইনজুরির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইনজুরি ও দল ব্যবস্থাপনা নিয়ে অধিনায়ক শান্ত জানিয়েছেন যে, দলের ফিজিও, ট্রেইনার এবং ম্যানেজমেন্ট পুরো বিষয়টি তদারকি করছেন এবং তারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

