শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার পর উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এই সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে মান্নান সরদার (৭০) নামে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তাঁর সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তাঁর সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় তথ্যানুযায়ী, সংঘর্ষে রেজাউল শিকদার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তমিজ খাঁ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জাজিরা উপজেলা কমিটির সদস্য।
সংঘর্ষের সময় রেজাউল শিকদারের পক্ষের সমর্থক মান্নান সরদার গুরুতর আহত হন। তাঁকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, হাসপাতালে আসা আহতদের মধ্যে একজনের হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লাও গুরুতর আহত হয়েছেন এবং তাঁকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন, সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

