বিশ্বকাপজয়ী দুই স্প্যানিশ তারকা পেলেন ওজন সমান টমেটো উপহার, স্টেডিয়ামের নামও পরিবর্তন

স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর অনন্য সম্মাননা পেলেন দুই স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ এবং পাবলো গাভি। তাদের নিজ শহর লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা থেকে শারীরিক ওজনের সমপরিমাণ বিখ্যাত স্থানীয় টমেটো উপহার হিসেবে দেওয়া হয়েছে। আন্দালুসিয়া অঞ্চলের এই ছোট্ট শহর থেকেই উঠে এসেছেন এই দুই তারকা ফুটবলার।

জাতীয় দলের সঙ্গে রাজধানী মাদ্রিদে জমকালো উদযাপনের পর তারা নিজ শহরে ফিরে আসেন। চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে মাদ্রিদের রাজপথে প্রায় ২০ লাখের বেশি মানুষ নেমেছিল। নিজ শহরে ফেরার পর ফ্যাবিয়ান রুইজ এবং গাভিকে এক রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সেখানে শহরের বহু পুরোনো ও ঐতিহ্যবাহী রীতি মেনে লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা সিটি কাউন্সিল তাদের শারীরিক ওজনের সমান টমেটো উপহার দেয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দুই তারকার সম্মানার্থে নগর কর্তৃপক্ষ শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী, ‘মারিসমাস’ স্টেডিয়ামের নতুন নাম হচ্ছে ‘ফ্যাবিয়ান রুইজ’ স্টেডিয়াম এবং ‘সান সেবাস্টিয়ান’ স্টেডিয়ামের নতুন নাম হচ্ছে ‘পাবলো পায়েজ গ্যভিরা’ (তিনি গাভি নামে সমধিক পরিচিত) স্টেডিয়াম। ফ্যাবিয়ান রুইজ তার ফুটবল ক্যারিয়ারের গোড়ার দিকে ‘লোস পালাসিওস সিএফ’ দল থেকে খেলা শুরু করেছিলেন। অন্যদিকে, মাত্র ছয় বছর বয়সে ‘লা লিয়ারা বালম্পি’ ক্লাবের ইয়ুথ সিস্টেমে যোগ দেন গাভি। মারিসমাস এবং সান সেবাস্টিয়ান স্টেডিয়াম দুটি মূলত এই ক্লাব দুটির নিজস্ব হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতো।

এ ছাড়া, সিটি কাউন্সিল শহরের ‘হুয়ান হোসে ভাকেরো’ অ্যাভিনিউতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা মনুমেন্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। রুইজ, গাভি এবং ২০১০ সালের বিশ্বজয়ী দলের তারকা উইঙ্গার হেসুস নাভাস—এই তিনজনের সম্মানার্থে এই মনুমেন্টটি তৈরি করা হচ্ছে। অতি শিগগিরই খেলোয়াড়দ্বয় এই মনুমেন্টের একটি মডেল উন্মোচন করবেন।

উল্লেখ্য, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় স্পেন। দলের হয়ে জয়সূচক একমাত্র গুরুত্বপূর্ণ গোলটি করেন ফেরান তোরেস।