ইরানের প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে প্রতিনিধিদলসহ তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের রাজধানীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার আগে তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক মেলবন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে দুই দেশের এই সম্পর্ক আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।