চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসরাফ (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার তা'লিমূল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আমিরবাদ সদর ইউনিয়নের নেয়াজেরটেকের পূর্ববর্তী এলাকায় অবস্থিত উক্ত মাদরাসা ও এতিমখানায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরহাদ লোহাগাড়া উপজেলার কলাউজান ৮ নং ওয়ার্ডের মিয়াজী পাড়ার ওমর ফারুকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফরহাদ তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি মাদরাসার টিনের চালের উপরে গিয়ে পড়ে। বলটি উদ্ধার করতে সে টিনের চালে উঠলে সেখানে টিন ও বিদ্যুতের সংযোগের কারণে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে এবং পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

