সিলেট বিভাগে সড়ক যোগাযোগে অতিরিক্ত চাপ, শৃঙ্খলার অভাব, অনিয়ম ও নানামাত্রিক ব্যস্ততার কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। তবে মে মাসের তুলনায় জুন মাসে এই বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে। জুন মাসে সিলেট বিভাগে মোট ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জনই পথচারী। এছাড়া ৯ জন চালক, ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী এবং ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী রয়েছেন। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষে ৬টি ঘটনায় ৫ জন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি ঘটনায় ২ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ৩টি ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
সিলেট বিভাগের জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। সেখানে ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। উল্লেখ্য, মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছিলেন।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম অমান্য করে ওভারটেকিং, মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা।
