৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হলেন চীনা অভিনেত্রী তাং ওয়েই

চীনের জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয়বার মা হয়েছেন। বুধবার তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সুখবরের ঘোষণা দেওয়া হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ভালোবাসা ও অভিনন্দনে ভাসছেন এই তারকা। অনেকেই তাং ওয়েই ও তাঁর পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়ে শুভকামনা জানিয়েছেন।

অভিনেত্রীর প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ং ও তাং ওয়েই দম্পতির এটি দ্বিতীয় সন্তান। বুধবার তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে পরিবারের চার সদস্যের হাতের বন্ধন দেখা যাচ্ছে। একই সঙ্গে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও পোস্ট করেছেন, যা তিনি নতুন সন্তানকে উৎসর্গ করেছেন। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লিখেছেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’

এর আগে বেশ কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে ভক্তদের মধ্যে গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। পরবর্তীতে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে পারিবারিক ছবি প্রকাশ করে তিনি নিজেই গর্ভধারণের খবর নিশ্চিত করেছিলেন। তখন তিনি লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’ গত মাসে হংকংয়ে এই দম্পতিকে একসঙ্গে দেখা যাওয়ার পর অনলাইনে আবারও সন্তান জন্মের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।

১৯৭৯ সালে চীনে জন্মগ্রহণ করা তাং ওয়েই ২০০৪ সালে অভিনয় জগতে পা রাখেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পরিচিতি আসে ২০১০ সালের চলচ্চিত্র ‘লেট অটাম’-এর মাধ্যমে। এই ছবির শুটিং সেটেই দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয় এবং ২০১৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান সামারের জন্ম হয়। প্রায় এক দশক পর এবার পরিবারে এল দ্বিতীয় সন্তান। পরিচালক কিম তে-ইয়ং তাঁর প্রশংসিত সব চলচ্চিত্রের জন্য পরিচিত, আর তাং ওয়েই নিজেকে চীনের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম আলোচিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।