চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করা সফরসূচি অনুযায়ী, আগামী রোববার (৯ আগস্ট) তিনি দিনব্যাপী এই সফরে অংশ নেবেন। এই সফরকে ঘিরে বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৯টায় প্রধানমন্ত্রী মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে এবং ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী।

দুপুর একটায় ফটিকছড়িতে গিয়ে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন। জেলা পরিষদ ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তায় প্রতি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান এবং ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন। এই অনুদান স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে দেওয়া হবে।

সফরের শেষভাগে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এবার তিনি চট্টগ্রামের তিনটি ইউনিটের (মহানগর, উত্তর ও দক্ষিণ) বিএনপি ও ১১টি অঙ্গ-সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সব সদস্যের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তৃণমূলের নেতাদের কথা শুনবেন। রাত ৯টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রী সবসময় তৃণমূলের নেতাকর্মীদের দলের প্রাণ মনে করেন এবং তাদের মূল্যায়ন করেন। এই সফরে তৃণমূলের সঙ্গে তার সরাসরি মতবিনিময় দলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত