কক্সবাজারে প্যারাসেইলিং থেকে পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় মালিক গ্রেপ্তার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ফরিদ (৪৫), যিনি প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ফ্লাই সি এয়ার’-এর মালিক। গত বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (গণমাধ্যম ও আইন) আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৪-এর একটি যৌথ দল মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেটে অভিযান চালায়। সেখান থেকে আত্মগোপন অবস্থায় ফরিদকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার বেলা পৌনে দুইটার দিকে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় যান্ত্রিক ত্রুটির কারণে আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়েন পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১)। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সৌভিক খুলনার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। তিনি ৯ জনের একটি দলের সঙ্গে ঘুরতে এসে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় সৌভিককে উদ্ধারে দেরি হয়। এ ঘটনায় নিহত পর্যটকের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ফরিদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকেই ফরিদ পলাতক ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মেরিন ড্রাইভের দরিয়ানগর, হিমছড়ি ও প্যাঁচারদিয়া সৈকতে তিনটি প্রতিষ্ঠান প্যারাসেইলিং পরিচালনা করত। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ১০ বছরের বেশি সময় ধরে এসব প্রতিষ্ঠান চললেও ২০২৪ সালের জুনে তাদের অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর আর তা হালনাগাদ করা হয়নি।

নোয়াখালীর বাসিন্দা ফরিদ দীর্ঘ সময় ধরে কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়ায় বসবাস করছেন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টুয়াক) উপদেষ্টা মফিজুর রহমান জানান, গত ১০ বছরে ফরিদের প্রতিষ্ঠানের প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে অন্তত ১৯ জন পর্যটক আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন পঙ্গুত্ববরণ করেছেন। এবারই প্রথম তাঁর প্রতিষ্ঠানের প্যারাসেইলিংয়ে একজনের মৃত্যু হলো।

কন্টেন্ট: সংগৃহীত