সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান মাওলানা হাবিবুর রহমানের

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শনিবার (৪ জুলাই) বিকেল ৩টায় জৈন্তা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও তার সঠিক পরিচর্যার দায়িত্ব গ্রহণ করেন, তবেই দেশ সবুজে সমৃদ্ধ হয়ে উঠবে।

অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘সুগন্ধা নার্সারি’র সৌজন্যে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির গাছের চারা মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং পাঠদান পদ্ধতি নিয়ে একটি মতবিনিময় সভায় মিলিত হন।

নারীদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে মাওলানা হাবিবুর রহমান বলেন, একজন শিক্ষিত মা-ই একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারেন। তিনি জৈন্তা জামেয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসাকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জয়নাল আবেদিন, সহকারী সেক্রেটারী মাসুক আহমদ, সিলেট জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারী ডাঃ মোঃ জাকারিয়া, জৈন্তা জামেয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুল খালিল এবং মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাদিক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য নুরুল ইসলাম, আলতাফুর রহমান, আব্দুস শুকুর, দেলওয়ার হোসেন, জসিম উদ্দিন, নুর আহমদ এবং হোসেইন আহমদ।