ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১০

ইউক্রেন জুড়ে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার দিনভর চালানো এই হামলায় অন্তত ১০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এদিন বিকাল পর্যন্ত দফায় দফায় এই হামলা অব্যাহত ছিল, যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থানীয় গভর্নর ওলেকজান্ডার হাঞ্জা জানান, এই হামলায় ৬ জন মারা গেছেন এবং ২৯ জন আহত হয়েছেন। মূলত একটি স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের বাড়িঘর ও গাড়ির ওপর এই আঘাত হানা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া সাধারণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং সেখানে উদ্ধারকাজ চলছে। তিনি ইউরোপের দেশগুলোকে নিজেদের সুরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অন্যদিকে, জাপোরিঝিয়া শহরে একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে দুই পুরুষ ও এক নারী নিহত হন। সাত বছরের এক শিশুসহ আহত হয় আরও আটজন। গভর্নর ইভান ফেডোরভ আক্রান্ত রক্তাক্ত বাসের একটি ভিডিও পোস্ট করেছেন। বিকালে ওই এলাকায় আরেকটি ভ্যানে হামলার ঘটনা ঘটলেও তাতে কেউ হতাহত হয়নি।

পাশাপাশি উত্তর-পূর্বের শহর খারকিভেও বোমা হামলা হয়েছে। এতে ২৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং ১০ জন আহত হন। মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন, হামলায় একটি ট্রাম ও ১৫টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখানে আরও একটি বোমা পড়লেও সেটি বিস্ফোরিত হয়নি।

যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। খারকিভ, দিনিপ্রো এবং জাপোরিঝিয়ার মতো বড় শহরগুলোতে নিয়মিত এমন হামলার ঘটনা ঘটছে। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দুই পক্ষই সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।