যুদ্ধ পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে অংশ নিতে গিয়ে নানা জটিলতার মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল।
বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে ইরান নতুন এক সমস্যার সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রবেশ ও অবস্থানসংক্রান্ত বিধিনিষেধকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে, যা ফেডারেশনের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ইরান বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আয়োজক দেশে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি সারতে চেয়েছিল। ম্যাচ শেষে কিছু সময় বিশ্রাম নিয়ে পরে দেশ ছাড়ারও পরিকল্পনা ছিল তাদের।
তবে মার্কিন কর্তৃপক্ষ ইরানের এই আবেদন প্রত্যাখ্যান করায়, দলটি ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে এবং খেলা শেষ হওয়ার পরপরই তাদের শহর ত্যাগ করতে হবে।
তেহরানের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপিত এসব শর্ত দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির পরিপন্থী।
তাদের মতে, এই বিধিনিষেধের কারণে দলের কোচিং স্টাফ এবং কারিগরি দলের পরিকল্পিত প্রস্তুতি ও কৌশল বাস্তবায়নে গুরুতর ব্যাঘাত ঘটছে।
ইরান ফুটবল ফেডারেশন এখন ফিফার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। দেশটির কর্মকর্তারা আশা করছেন, ফিফা বিষয়টি পুনর্বিবেচনা করে তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনবে।
